যখন সান্নিধ্য দিলে, শ্রাবণ দিলে না।
ঐ মেঘ কতটা আন্তরিক হয়নি তা জানা
শুধু সিঁদুরে সূর্যরেশ মুছে গেল নদীর ওপারে।
গাছের জাফরি খোলা, হলুদ কলকা ফুল
ছড়িয়েছে রাস্তার ঘাড়ে। তুমুল ইয়ারকি যেন
এত বাচালতা দেখে ক্লান্ত লাগে না অবরোধে।
অমন মেঘের আর কোন দল নেই, মিলেমিশে
গেছে
যতটা পশ্চিমে কালো ততটাই ঈশানে নৈঋতে।
আহা সে কোথায় গেল? গাড়িচাপা কুকুরের মতো
নির্বাক সেই গোধূলিটি?
ছাদের প্রহর ছুঁয়ে আমের মুকুলে ক্রমশ বাড়ছে চাঁদ
কালকেও দেখেছি আড়ালে আমাকে উজল করে
আমারই ছায়াটি কার্ণিশে রাখিয়াছে হাত। অগাধ
সন্ধেবেলা কড়াস্বরে চাইলো জবাব, -
'কোথা তব চিলেকোঠাখানি?
কোথায় লুকালে ভায়া জটপড়া লাটাইলিখন?'
যতই বাতাসে ডুবি তত মনে হয় সিঁড়িটির সমতল বাঁকে
কেউ ঠিক রয়েছে দাঁড়িয়ে। আবছায়া মেখেছে সে
তারই সৌরভে অচেনা পাখির জুটি এলোমেলো হল।
দু'জন হারাল বটে, দু'জনেই
হারাল তো তাও।
এছাড়াও হারানো নিবিড়ে অবিশ্রান্ত আঁধারির কথা
চৌহদ্দির নিপাট মর্চে ধরা বেড়া, ল্যাম্পপোস্ট
বাগানের ঘাসে চৌখুপি, যাদুকর
ঝিঁঝিঁপোকাদল।
নিখুঁত সন্ধেখানি। গেলাসে বাজিলো টুং-টাং।
জটলায় উঠে এলো অনাবিল হত্যার সুখ।
'আমাকে ছুঁয়ো না যেন, আমি পরাঙ্মুখ',
যে হাতে
লিপ্ত এত শীতল আবীর, আমাকে
ছুঁয়ো না
ওই হাতে। আমাকে বরং দাও অবগাহনের শৈশব।
'মন ভালো আছে? তব শ্বেত নিভাঁজ রুমালে
শুকায়েছে অশ্রুনিচয়?', তোমার কি মনে হয়
লবণজলের দাগ কিছুতেই মুছবে না বৃষ্টিসিনানে?
বড় ভুল ভেবেছিলে। বেহায়া জানলাটাতে পরদার
আড়াল রাখোনি আপামর। আজ যদি মনে করো
রুলটানা খাতা জুড়ে মরুভূমি এঁকে নেবে দেশলাই জ্বেলে,
পোষ্য ছদ্মনাম কেন বা করবে মাফ বিনা দংশনে?
তুমুল কাজলঘ্রাণ এত কড়া নাড়ে, অগোছালো হয়ে যায়
ঘুমের বালিশ। আমার প্রশস্ত হ্রদ, প্রান্তিক মরিচিকাছোঁয়া
গাছের আড়াল চায়। যেন বা ভিজতে চায় দাপাদাপি জ্বরে।
জটিল শব্দ কিছু গোছানোই আছে। অর্থের দরবারে
জোহুজুর হয়ে আছি, সাথে আছে অশোক সরিষা।
'দ্যাখো,
আমি মৃতদেহে শীত দিতে পারি। দ্যাখো
আমি স্বচ্ছ আকাশটিকে ভরিয়াছি অসহ্য নীলে। অপিচ
পশ্য সেথা কিছু নাই, কোন
কিছু নাই।'
এই ঘর হাজারদুয়ারী, অযুত
ছিদ্র আছে এই চন্দ্রাতপে।
তুমি এসে বসো, যোগে-গুণে-ভাগে নিখুঁত
মিলিয়ে দাও
জানলার মাপ।
যখন সান্নিধ্য দিলে, শ্রাবণ
দিলে না। কখনও সময় পেলে
টুকিটাকি আলগোছে ছুঁয়ে দিয়ো কিছু হাবিজাবি। কিছুটা
চাতাল দিয়ো, আমি শোবো, বড় ঘুম আসে।
ছাদের অগাধ জুড়ে তখনই বাড়িল চাঁদ আমের মুকুলে।
আমাকে অগ্রাহ্য করে আমারই ছায়াটি, হাতের মুঠোয় রাখে
কার্ণিশকথা। আর মম চিলেকোঠাখানি, জানতে চেয়েছে অবশেষে,
'কোথায় সন্ধ্যা তব? কোথা ভায়া লুকায়েছো
জটপড়া লাটাইলিখন?'
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন