গ্রাফিতির অক্ষর


(১)
ছেলেটার দু'টো হাত মসৃণ আলোয় মাখামাখি
সাতরঙা রোশনাই, জ্বলে উঠছে গুচ্ছ ফুলঝুরি
দল বেঁধে পুড়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে আগুনজোনাকি
অন্ধকার চিরে ফেলছে রঙচঙে মখমল ছুরি

অথচ আশ্চর্য দ্যাখো, তার পরে খুব বেছে বেছে
সেই ছেলেটাই কি না নীরন্ধ্র রাত্রি লিখেছে...

(২)
কেঁপে কেঁপে ওঠে ছায়া, জানলাটি হাওয়া তিরতিরে
ফাঁকা ফুটপাথ আর শীত বুঝি ক'মাইল দূর
বেহায়া জাহাজী হর্ণ সাড়া দেয় মাঝরাত চিরে
ল্যাম্পপোস্ট ছুঁয়ে যায় ঘুমচোখ, নিঃঝুমপুর

এহেন সময় জুড়ে জেগে থাকা সেই ছেলেটির
পাশে দ্যাখো জমে আছে অলিখিত কথাদের ভিড়

(৩)
শুশ্রূষা কাকে বলে তাড়া করে ফেরে প্রশ্নটা
ছেলেটা এটুকু বোঝে উত্তর অনাবশ্যক
শরীর ভেজায় যদি অযাচিত বৃষ্টির ফোঁটা
তুমুল রাত্রি জাগে অস্থির শুকনো দু'চোখ

অথচ প্রতিটি দিন সেই ছেলেটাই নিজে যেচে
দাবিহীন অভ্যাসে হাতে হাত রাখতে শিখেছে

(৪)
এইভাবে নির্জন হয়ে এলে পরিধি ও রেখা
ছেলেটা হাত বাড়ায়, ছুঁয়ে ফ্যালে দুপুরের ঠোঁট
ঝাপসা জলের দাগে আঙুল বুলিয়ে যা যা শেখা
কাঠকয়লার রঙ, চিলেকোঠা ঘরের বুনোট

এবং বিকেল জুড়ে ঊনিশশো চুরানব্বই
ক্যানভাসে দেখেছিল রয়ে গেছে ছেলেটার সই

(৫)
ধূসরকে চিনে নেয় অনায়াসে কোন কোন দিন
হাবিজাবি আওড়ায় মুছে ফেলা গোপন শেলেট
আঙুলে গভীর গাঁথে ছড়ানো ছেটানো আলপিন
অঝোরে বিকেল ডাকে তবুও ছেলেটা মাথা হেঁট

থোকা থোকা জমে ওঠা রুদ্রপলাশে তারপর
ছেলেটা সেদিনই আঁকে গ্রাফিতির গাঢ় অক্ষর

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ওকে তুমি প্রশ্রয় দিয়ো

ক্রমশ ঝাপসা হয়ে যাই

বড় একা একা ছুঁয়ে আছে