এই ঘরে আসি নাই
বহুদিন, বহুদিন যেন এই ঘরে আসি নাই
যেন পাথরের ছায়া প'ড়ে
বহুদিন নীরব হয়েছে এই কাঠকুটো
শাড়ির বুনোট
এতটা ভূমিকা যদি প্রয়োজন ছিল
তবে কেন ফিরে দিলে মাত্র পৃষ্ঠা এক, অগোচরে
বহুদিন যেন আসি নাই এই ঘরে
অদ্যই স্নানের সময়ে,
একটি জলের ফোঁটা, দেওয়ালের গায়ে
একা একা ফুল হল, মেঘ হল, এলোচুল হয়ে শেষে
মিশে গেল অন্য ফোঁটায়
আজকে সময় ছিল, যতটা থাকলে কি না ভাবা যায়
মন দিয়ে দেখা যায় বহুরূপী জলের ফোঁটাকে
অন্য অন্য দিনে কিছু কাজ থাকে
আজকে ছিল না তারা
হয়তো ছিল না কাজ পড়শিজনেরও
শান্তই ছিল পাড়া
বেলা দ্বিপ্রহরে ফিরিওলা হেঁকে গেছে,
ওর কাছে যাবৎ পশরা আছে
প্রত্যহই থাকে
একদা হারিয়েছিল একখানি ঝর্ণাকলম, খুঁজেছিনু তারে
সন্ধান মেলে নাই, উহাকে ফিরাবে বলে ফিরিওলা
ডাকে
শস্তায় দেবে বলে
হারানো যা কিছু তাকে খুঁজে না কি পায় তার নখদর্পণে
কত জনে বলে বটে নিছক ভণ্ডামি ছাড়া আর কিছু নয়
তলিয়ে হয়নি ভাবা
অন্য অন্য দিনে কাজ থাকে, এতটা
সময়
থাকে না বলাই সংগত
হারানো অনেক কিছু ফিরে পেলে আনন্দই হত
তবে জানি অতিদূর পশ্চিমে উঁকি মারে পূর্বের দিশা
পূর্ণিমা অবসান হইয়াছে, পিতৃপক্ষ
শুরু হল বুঝি
অমানিশা আসিতেছে, তারও পরে শারদীয়া দিন
আহাহা, শরৎকাল, এমন শুভ্র ঋতু,
এত যে রঙিন
সদ্যপ্রস্ফুটিত শিউলির ঘ্রাণ
পবিত্র – তুমি বল তাকে
আমার যে মনে হয় প্রবল আমিষ
আমার যে মনে হয় ওই গন্ধ খুঁজে পাব স্তনসন্ধিতে
আকাঁড়া আদর হলে সমাপন, খুঁজে
পাব ঠিক
খুঁজিলে তুমিও পাবে তাহা, সে
গন্ধ, হয়তো বা পারস্পরিক
সে গন্ধ প্রাণ পায় নিঃস্ব আদরে
বহুদিন, বহুদিন আসা যেন হয় নাই এই
ঘরে
সম্বৎসরে একদিন হয়তো বা আসা হয়
অন্য অন্যদিনে কিছু কাজ থাকে
অন্য অন্যদিনে পরিপাটি সেজে উঠি পোশাকে-আশাকে
চকচক ক'রে ওঠে দুইপাটি জুতো
সম্বৎসরে যদিও কয়েকদিন মিলে যায় ছুতো
তবুও হয় না আসা
শুনিয়াছি, একখানি নদী, তার নাম কীর্তিনাশা
প্রায়শ কূলপ্লাবি হয়ে ওঠে -
দু'কূল ভাসলে তুমি কি ক’রে
বুঝতে পারো,
কোন ফুল অপরের
কোনটি আপন মৌচাক?
নিশিগন্ধ ভেসে আসে মন্দ বাতাসে
ক্রমশঃআবছা হয় রাজপথ, ইতস্তত
তরুবীথি, হর্ম্যরাজি
ছিন্ন মেঘ বেয়ে পায়ে পায়ে চাঁদ নামে
দক্ষিণে-বামে চেয়ে দেখে ইতিউতি, সতর্কনিঃশ্বাসে
যখন বুঝিতে পারে সকলেই নিদ্রিত কোজাগরি রাতে
তারপরে - সেও ভালবাসে
সঙ্গোপনে একদিন দেখিয়াছি আমি, কেমন
আলিঙ্গনে
চাঁদকে জড়ায়, কেমন তৃষ্ণা তার শুকনো
বালির মতো
ছড়িয়েছে ঠোঁট থেকে পাঁজরের পথ ধরে স্নিগ্ধ নাভিমূলে
অদ্যই স্নানের সময়ে, একটি
জলের ফোঁটা,
ফুল থেকে মেঘ হয়ে
মিশে গেছে এলোচুলে
স্মরণে আসে না আগে দেখিয়াছি
কোনওদিন এত মনোযোগে
একটি জলের ফোঁটা দেওয়ালের গায়ে
অথবা তা দেখিলাম বহুদিন পরে
বহুদিন, বহুদিন আসা যেন হয় নাই এই
ঘরে...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন