গোপন খামটি ভরবে তোমার
ঠিক কত জল শুষছে মাটির গভীর থেকে গাছের শেকড়
হে গুপ্তচর, খবর আছে?
ঠিক কতটা বেআব্রু হই প্রাত্যহিকের রম্য নাচে,
তাও জানো কি?
কথার পিঠে সাজিয়ে কথা নিত্যি এমন ফালতু বকি
তবুও আমার প্রাণের দোসর, হে
গুপ্তচর,নীরব থাকো!
এই যে দ্যাখো, চালের থেকে বাছছি কাঁকড়
সত্যি থেকে মিথ্যেগুলো –
ঠগ বাছতে উজাড় করে সমস্ত গ্রাম
স্বস্তি পেলাম
সেসব তুমি বলবে না কি?
গোপন খামটি ভরবে তোমার কি সংবাদে?
বিবাদ এবং বিসংবাদের হে সাংবাদিক
অলীক কোন গল্প তোমার ঝোলায় আছে?
শোনাও দেখি কেমন পারো
চনমনে আর পুষ্টিকারক কিন্তু যেন রূপকথা নয়
হে গুপ্তচর, পরার্থপর বন্ধু আমার, খবর আছে?
ঠিক কতটা উলঙ্গ হই প্রাত্যহিকের রম্য নাচে
ঠিক কত জল শুষছি মাটির গভীর থেকে গাছের শেকড়
হে গুপ্তচর...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন