চৌকাঠে নীল হাওয়া


সহজ ছিলো, আড়াল ছিল না তো
সেখানে তার প্রাঙ্গণে নীল হাওয়া
চরকিবাজীর মতন ঘুরে ঘুরে
জড়িয়ে গেল যখন সন্ধে হলো

সেখানে শেষ দুপুর ফিকে রঙে
মাঝরাস্তায় বুলিয়ে দিলে তুলি
অমনি তুমি আকাশপাড়ের শাড়ি, স্পষ্ট হলে
গল্পকথার ঝুলি উজাড় করে বললে, 'কারণ আছে
শহরে আজ মেঘ হয়েছে জড়ো,
বৃষ্টি হবেই আহ্লাদী ঝাঁপতালে
বাচ্চা ছেলের মতন এমন করো, অবাক লাগে,
একটুও নেই বুঝি ভরসা কিম্বা ধৈর্য্যের ক্ষীণ সুতো'

ছুতোর গায়ে চৌখুপি দাগ, ছুতোর গায়ে ছুতো
বৃষ্টি আসে, বৃষ্টি আহামরি রাস্তাতে জল, জলেতে খড়কুটো
শহর ডোবে বিষণ্ণতার জালে

সহজ ছিলে, আড়াল ছিলো না তো
সেইখানে সেই চৌকাঠে নীল হাওয়া
চরকিবাজীর মতন ঘুরে ঘরে
হারিয়ে গেলো যখন সন্ধে হল

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ওকে তুমি প্রশ্রয় দিয়ো

ক্রমশ ঝাপসা হয়ে যাই

বড় একা একা ছুঁয়ে আছে