রত্নকলস, অসাবধানে


'আয়' বলে যে ঘরের ভিতর পথ দেখালে, তেমন করে
গৃহস্থ কি সিঁদেল চোরের সঙ্গে করে আলাপচারি?
আঁচল দিয়ে ঢাকলে তোমার রত্নকলস, অসাবধানে?
সিন্দুকে নেই তালার হদিশ, ব্যবস্থাটা চমৎকারই

বসতে দিলে আসন-পিঁড়ি, স্বস্তি দিলে কুশলবাচন
ভয় করে না সত্যি তোমার? এই যে ঘরে আর কেউ নেই
এই সুযোগে হাত বাড়ালে কোথায় যাবে ভাবছ কি তা?
চোরের সঙ্গে কুটুম্বিতা করাও বারণ।
বিপদ আপদ ঘটলে কিছু সামলাবে কোন বিপত্তারণ,
এসব ভেবেই বসলে দূরে?
অন্তঃপুরে পড়লে ডাকাত
অল্প ক'হাত দূরত্বে কি তেমন কিছু আসবে যাবে?
নিচ্ছো ঝুঁকি এমন ভাবে, পরিস্থতি খুব ভালো নয়
দিনদুপুরে হচ্ছে অনেক পুকুরচুরি, সবাই জানে

আঁচল দিয়ে ঢাকছো তোমার রত্নকলস, অসাবধানে?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ওকে তুমি প্রশ্রয় দিয়ো

ক্রমশ ঝাপসা হয়ে যাই

বড় একা একা ছুঁয়ে আছে