এ্যালিস! এ্যালিস!


পাহাড়ের গল্প আমি চিনি না যদিও
পাকদণ্ডীর আশেপাশে ঘুরে ঘুরে ঘুরে কোথাও পৌঁছে গেছি
তবু ফেলে আসা খাদ বড় ডাকে

জানি না কুয়াশা তুমি দেখেছো কেমন
জানলার ওপাশে পাহাড়, জানলার ওই পাশে
আলো জ্বলে রয়েছে খানিক
জানলার ওই পাশে তুমি জানো - রাত

তবে আমি সমতল খানিক চিনেছি
নদী, পথ, ফুটপাথ, চৌরাস্তার আঁকিবুঁকি,
শ্যাওলার রঙচটা ইঁটের দেওয়াল, কানাগলি
কার্ণিশে অশথের ছেলেবেলা ছুঁয়ে
ভোকাট্টা ঘুড়ি, ট্রামের লাইন
নাইট-শোয়ের শেষে তাড়াহুড়ো ফিরছে ক'জন
ছাতের অন্ধকারে শুকনো শাড়িরা
এলোমেলো দুলছে হাওয়ায়
কুয়াশার ভাঁজে ল্যাম্পপোস্ট, গুটিশুটি জেব্রাক্রসিং

আমার যাদুর ঝাঁপি, আমার জমানো পুঁজিপাটা
তাতে আর কিছু নেই, আছে শুধু মায়াবীমুকুর
আমার সে আর্শিটা চিরতরে তোমাকে দিলাম
এ্যালিস! এ্যালিস! তুমি বিম্বিত হয়ো জোছনাতে...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ওকে তুমি প্রশ্রয় দিয়ো

ক্রমশ ঝাপসা হয়ে যাই

বড় একা একা ছুঁয়ে আছে