হার্ডল রেস
এখন যদিও অস্থিরতার পায়ে বেড়ি আর হাতে হ্যাণ্ডকাফ
তবুও কেমন সময় কাটছে দ্রুততর কোন ঘোড়ার চাবুকে
এবছর যেন আগুনে আগুন, হল্কা
উঠছে রোমহর্ষক
বন্ধ মুঠোকে বলে দিয়ে যাও, 'ডানা ছিঁড়ে ফ্যালো, মুক্তি
দিলাম’
তুমি তো জানোই আমার এসব সহ্য হয় না, মেলানো মেশানো
অন্ধকারের ডাকনাম নিয়ে আঁকিবুঁকি খেলা,
ছন্দমেদুর
এসব আমার সহ্য হয় না সিন্দুক ভরা গুমোট কথায়
রাস্তার শেষ ট্রাম চলে গেছে, গুমটিতে
তালা বন্ধ যখন
সে সময়ে আমি ফাঁকা ফুটপাথে টেনে ছুট দিতে এত ভালোবাসি
সে সময়ে আমি লতায় পাতায় সবুজগুচ্ছ দু'হাতে মাখাই
জড়তা তোমার আঁচলের গিঁটে লিখেছে জটিল ঘর-সংসার
বেডরুম তাই নিদ্রামগ্ন, নীল
আলো জ্বেলে পর্দার ভাঁজে
আজকে কি তুমি আদর করেছো উথালপাথাল উদাসীন রঙে
ঘামে ভিজে যাওয়া চিবুকে তোমার সাক্ষী দিচ্ছে নখের
আঁচড়
এসব আমার সয়ে গেছে আর জানলা খুলেছি আলকাতরায়
নিঃস্ব চুবিয়ে রাতের শরীরে গুটিকয় তারা ছড়ানো ছেটানো
দেরী কেন আর, ছাদে উঠে এসো, আকাশের দিকে ছোঁড়ো পিস্তল
শুরু হয়ে যাক প্রতিযোগিতার লক্ষ মিটার হার্ডল রেস
চৌকাণা হয়ে সড়ক যেখানে বেঁকেচুরে ধু ধু পথ ভুলে গেছে
সেইখানে গিয়ে দম নিয়ে ফের লাফিয়ে ডিঙোব মাঝরাত্তির
যদিও এখন অস্থিরতার পায়ে বেড়ি আর হাতে হ্যাণ্ডকাফ
তবুও সময় কাটছে আগুনে, হল্কা
উঠছে রোমহর্ষক
এ সময়ে আমি ফুটপাথ পেলে টেনে ছুট দিতে এত ভালোবাসি
এ সময়ে আমি লতায় পাতায় সবুজগুচ্ছ দু'হাতে মাখাই
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন