নির্বাণ
অস্তিত্বে জড়তা নেই
শুধু কিছু ঘুণপোকা বেঁধে আছে বাসা
আমাদের জীর্ণ গলিঘুঁজি
আমাদেরই গভীর হতাশা জমে ভরে যায়
ঘুম ভেঙে দেখি ভোর হল
তবুও ঘাসের গায়ে জমেনি শিশির
কোন কোন জলাশয়, তুমি জানো, নদী নয়
দিঘি নয় স্বচ্ছ পুকুর
তুমি জানো আমার মেঘের কোনও নাম নেই
তুমি জানো সমুদ্রও হেরে যায়
স্মৃতিটুকু থাকে তার ব্যাকওয়াটারে
অথচ তোমার দেশে কোমল সবুজ যেন ছেয়ে আছে
নারকেল গাছে
সুরভিত মশলাতে ভরে গেছে যাবৎ বাগান
কৃষ্ণাদ্বাদশীর
চাঁদ পাছে আনকথা বলে
তোমার হাউসবোটে জানলাকে ঢাকে তাই পরদার সুখ
আজই সকালে নিকট বন্ধু এক জানিয়েছে
তার পিতা প্রয়াত হয়েছেন প্রাতে
রতনবাবুর ঘাটে করা হল তাঁর দাহসংস্কার
ত্রয়োদশ দিনে হবে শ্রাদ্ধ তাঁহার, আমি যেন যাই
শুনে মনে হল, এখুনি পালাই
সবকিছু ছেড়ে দিয়ে
ছুঁড়ে ফেলি বাধ্যবাধকতা, বন্ধুর
পাশে গিয়ে বসি
কতদিন পাশে তার বসি নাই
কতদিন কোন বন্ধুর পাশে বসে হয় নাই দিবসযাপন
উচাটন হয়ে আছে মন
ইদানীং মন বড় বাধ্য আমার
হুকুম করলে তাকে উচ্চৈস্বরে হেসে
তোলপাড় করে ঘরদোর
ইঙ্গিতে চুপ করে
ইশারা করলে পরে ভালবেসে ভরে দেয় নিরালা প্রহর
কাঁদতে দেখিনা তাকে, তবু
আজ উচাটন কেন
পাইনি সদুত্তর
আরে ছিঃ ছিঃ, তোমাকে বলছি কেন এ সকল কথা
ক্ষমা করো, ক্ষমা করে দাও
ভ্রমণকাহিনিখানি বিশদ শোনাও
ফলশ্রুতি পাই
যখন বেড়াতে যাই
তুমি তো জানাও ভালবাসা, কানে
ঢেলে দাও সুসংবাদ
নিখাদ প্রেমের কথা - কাকে দিলে কী কী
সেবার পাহাড়ে গেছি,
কিছুটা প্রতীকী শুনলে হতেও পারে
মনে -
সন্ধেবেলার খোঁজে বৃষ্টি নেমে এল
নেহাতই সুরার স্বাদে ভরে নিতে ঠোঁট, জিভ, গলা
বসলাম জানলার পাশে
এমন সময় তুমি কানে কানে বলে দিলে - অতলান্ত প্রেম
অনির্বাণ, কড়া নেড়ে গেছে
সেই দিন থেকে, আমার মুক্তি নেই
অস্তিত্বে জড়তা নেই তবু
কিছু ঘুণপোকা বেঁধে আছে বাসা আমাদের গলিঘুঁজি জুড়ে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন